সিলেটে ছোট ভাইয়ের পক্ষে প্রচারপত্র বিলি করলেন অর্থমন্ত্রী

আওয়ামী লীগ সরকারের প্রায় ১০ বছরে দেশের ব্যাংক খাত থেকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লুটপাট হয়েছে সিপিডির দাবি করা এমন গবেষণাকে ‘জাস্ট রাবিশ’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল মঙ্গলবার হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনী হাওয়া আওয়ামী লীগের পক্ষে। বিগত দিনে সরকার যে উন্নয়ন করেছে তার ধারাবাহিকতার জন্য মানুষ নৌকায় ভোট দেবে। এর আগে বিমানযোগে সিলেটে পৌঁছান অর্থমন্ত্রী। মাজার জিয়ারত শেষে সিলেট-১ আসনে দলীয় প্রার্থী তার ছোট ভাই ড. একে আব্দুল মোমেনকে সঙ্গে নিয়ে প্রচারণায় অংশ নেন তিনি। দরগা গেট এলাকায় তিনি প্রচারপত্র বিলি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন- দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, দলটির নগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান প্রমুখ।

পরে ড. মোমেন নগরীর মনিপুরী রাজবাড়ি মণ্ডপে এক মতবিনিময় সভায় সিলেটকে একটি অন্যরকম সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার স্বপ্নের কথা তুলে ধরেন। সিলেটে গ্যাসের সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসলে গ্যাস দেওয়া হবে। বেণু ভূষণ ব্যানার্জির সভাপতিত্বে ও সসেন্দ্র সিংহের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেটবাসীর প্রত্যাশা পূরণ করতে পারেননি অর্থমন্ত্রী: মুক্তাদির

এ আসনে বিএনপি-ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দুঃখজনক হলেও সত্য এক দশকে সিলেট-১ আসনের সংসদ সদস্য দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করলেও উন্নয়নের ক্ষেত্রে সিলেটবাসীর প্রত্যাশা পূরণ করতে পারেননি। গত ১০ বছর ধরে সিলেট সদর ও নগরী উন্নয়ন বঞ্চিত। গতকাল দুপুর ১২টায় নগরীর জিন্দাবাজরস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে খন্দকার মুক্তাদিরের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খন্দকার মুক্তাদির বলেন, সিলেটের তেল ও গ্যাস দিয়ে সারাদেশের শিল্প কারখানা সচল থাকলেও সিলেটের মানুষ গ্যাস সংযোগ পাচ্ছেন না। এখানের বিকাশমান আবাসন শিল্প খাত ধ্বংস হয়ে যাচ্ছে। প্রবাসীরা নতুন বাসা করতে পারছেন না। বিনিয়োগের অপার সম্ভাবনা থাকলেও সরকারের ব্যর্থতার কারণেই শিল্প ও বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে।