অক্টোবরের শেষেই তহবিল ফুরিয়ে যাচ্ছে জাতিসংঘের :গুতেরেস

অক্টোবরের শেষের দিকেই তহবিল ফুরিয়ে যাচ্ছে জাতিসংঘের। ইতোমধ্যে সংস্থাটি ২৩০ মিলিয়ন ডলার ঘাটতিতে আছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। চলতি মাসের শেষের দিকেই সংস্থাটি অর্থ সংকটে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

জাতিসংঘের ৩৭ হাজার কর্মী এবং এর দপ্তরের উদ্দেশে লেখা এক চিঠিতে গুতেরেস বলেন, বেতন এবং অন্যান্য সুযোগ- সুবিধা নিশ্চিতে অনির্ধারিত কিছু পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এটা স্বল্পমেয়াদী। ঐ চিঠিতে তিনি লিখেছেন, ‘২০১৯ সালে আমাদের নিয়মিত বাজেটে যে অর্থ প্রয়োজন বিভিন্ন সদস্য রাষ্ট্রগুলো তার মাত্র ৭০ ভাগ প্রদান করেছে। এর ফলে সেপ্টেম্বরের শেষের দিকে নগদ ২৩০ মিলিয়ন ডলার ঘাটতি দেখা দেয়। চলতি মাসের শেষের দিকেই আমরা অর্থ সংকটে পড়তে পারি।’ খরচ কমাতে এই মুহূর্তে বিভিন্ন সম্মেলন ও বৈঠক বাতিল এবং সেবা কমিয়ে আনার কথা উল্লেখ করেছেন গুতেরেস। একই সঙ্গে শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া জাতিসংঘের কর্মকর্তাদের বিভিন্ন দেশে ভ্রমণ স্থগিতের কথাও জানিয়েছেন তিনি।