ভারতের তামিলনাড়ুতে বাঁধের জলাধারে সেলফি তুলতে গিয়ে নববিবাহিত এক নারী ও তার পরিবারের তিন সদস্য পানিতে ডুবে মারা গেছেন। নিহত চার জনসহ ওই পরিবারের ছয় সদস্য পাম্বার বাঁধের কাছে জলাধারে নেমে কোমর পানিতে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন; এদের মধ্যে একজন পা পিছলে পড়ে গেলে অন্যরাও ডুবে যান।
নববিবাহিত স্বামী কেবল বোনকে বাঁচাতে পারলেও বাকিরা পানির তোড়ে ভেসে যান। রবিবার তামিলনাডুতে কৃষ্ণাগিরির বারগুরের নববিবাহিত বর-কনে এবং বরের বোন উথানগারাইয়ে তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাঁধের জলাধারে তাদের সঙ্গে আত্মীয় তিন ভাই-বোনও নামে। কোমর পানিতে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ১৪ বছর বয়সী ছোটো ভাই পা পিছলে পড়ে গেলে তার টানে ওই নববিবাহিত নারী ও তার স্বামীর বোন ডুবে যান। শেষ পর্যন্ত বোনকে উদ্ধার করতে পারলেও বাকিরা ভেসে যান। পরে ওই চার জনের মৃতদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। চলতি বছরের মে মাসে হরিয়ানায় তিন কিশোর রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েছিল।