নওগাঁর রাণীনগরে সর্বরামপুর গ্রামে একটি ব্রিজের নির্মাণ কাজ তিন বছর ধরে বন্ধ রয়েছে। এতে কয়েক গ্রামের মানুষ পড়েছে দুর্ভোগে। ব্রিজটি নির্মাণের প্রাথমিক কাজ হিসেবে খালের দুই পাড়ে শুধুমাত্র দুটি খাম্বা তৈরির পর তা বন্ধ রয়েছে।
ব্রিজটি উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত হচ্ছিল। তত্ত্বাবধান করছিল এলজিইডি।
সরেজমিনে দেখা গেছে, ব্রিজের নির্মাণ কাজ বন্ধ থাকায় ঐ এলাকার দুইটি ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের সাধারণ মানুষসহ স্কুলগামী ছাত্রছাত্রীদের রতনডারি খাল পাড় হতে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে বাঁশের সাঁকো ও নৌকাই একমাত্র ভরসা তাদের।
সূত্রে জানা গেছে, কাশিমপুর ইউনিয়নের সর্বরামপুর-ভবানীপুর গ্রাম সংলগ্ন রতনডারি খালের ওপর ফুটব্রিজ নির্মাণের কাজ শুরু হয় ২০১৬ সালে। কাজটির ঠিকাদারি দায়িত্ব পান নওগাঁ সদরের গোলাম কিবরিয়া। দরপত্র অনুসারে শুষ্ক মৌসুমে ঐ খালের দুই পাড়ে দুটি খাম্বা নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু কাজটি বন্ধ হয়ে যায়।
গোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসনাত খাঁন হাসান বলেন, ব্রিজটি নির্মাণ না হওয়ায় দীর্ঘদিনের দেখা স্বপ্ন পূরণ হচ্ছে না। কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের দুর্ভোগের সমাপ্তির লক্ষ্যে আমি বার বার সংশ্লিষ্টদের অনুরোধ করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো ফল পাইনি। ব্রিজের আংশিক অবকাঠামোও নষ্ট হচ্ছে।
উপজেলা প্রকৌশলী মো. শাইদুর ইসলাম মিঞা বলেন, উপজেলা পরিষদের তহবিলে পর্যাপ্ত টাকা না থাকায় কাজ শুরু করা যাচ্ছে না। তাই যে কোনো তহবিল থেকে পর্যাপ্ত পরিমাণ বরাদ্দ পেলেই নির্মাণ কাজ শুরু করা হবে।