লক্ষ্মীপুরের রামগঞ্জে এলজিএসপির প্রকল্পে রাস্তার উন্নয়ন কাজের অনিয়মের অভিযোগ এনে প্রতিবাদ করায় মো. রাসেল হোসেন নামে এক কলেজছাত্রকে পিটিয়েছে একই এলাকার মেম্বার ও তার লোকজন। খবর পেয়ে স্থানীয় লোকজন রাসেলকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার সকালে উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের আশারকোট গ্রামের মোহাম্মদিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। রাসেল আশারকোটা গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও দল্টা কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এ ঘটনায় নুরুল আমিন মেম্বারকে আসামি করে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের হাজিবাড়ির সামনে এলজিএসপি প্রকল্পের ২ লাখ টাকা ব্যয়ে ৬০০ ফুট রাস্তায় সলিংয়ের নির্মাণকাজ করার কথা থাকলেও স্থানীয় নুরুল আমিন মেম্বার পুরোনো ইটের খোয়া দিয়ে রাস্তা নির্মাণ করতে গেলে রাসেল প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে মেম্বার তাকে পিটিয়ে গুরুতর আহত করে।
এ ব্যাপারে নুরুল আমিন মেম্বার জানান, ‘রাসেল কলেজে পড়ে। ঐ ছেলে সড়ক নির্মাণকাজের কী বুঝে। আমার কাজে বাধা দেওয়ায় কিছু উত্তম-মধ্যম দিয়ে ছেড়ে দিয়েছি।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযোগের আলোকে তদন্ত করে মেম্বারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।