দেশের বিভিন্নস্থানে নির্বাচনী প্রচার-প্রচারণাকালে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নোয়াখালীতে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে যুবলীগ নেতা মো. হানিফ নিহত হয়েছেন। তিনি এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নির্বাচনী প্রচারণায় হামলা হয়েছে। এছাড়াও বিএনপির আরো কয়েকজন প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা হলে প্রচারণা কার্যক্রম পণ্ড হয়ে যায়।
গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়। বিকালে নরসিংদীর পলাশে আমদীয়া ইউনিয়নের বেলাব বাজারে মঈন খানের প্রচারণায় হামলা ঘটে। সোমবার রাতে ফটিকছড়ির নানুপুর বাজারে মহাজোটের প্রার্থী তরিক্বত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সাতজন গুলিবিদ্ধ হয়েছে। বগুড়ার ধুনটে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির প্রার্থী এম এ মুহিতের পৌর এলাকার শক্তিপুর বাড়িতে হামলা হয়েছে। এতে বিএনপির প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে।
প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
ঠাকুরগাঁও : মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় নির্বাচনী পথসভা করছিলেন। এ সময় একদল লোক হামলা চালিয়ে গাড়িবহরের ৬/৭টি গাড়ির কাচ ভেঙে ফেলে। বিএনপি হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছে। জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, মির্জা ফখরুলের কমপক্ষে ১০ জন সফরসঙ্গী আহত হয়েছে। পুলিশ হামলার খবর নিশ্চিত করলেও কারা গাড়িতে হামলা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেনি।
নরসিংদী : বেলাব বাজারে ওই হামলার ঘটনায় ছাত্রদল ও যুবদলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া হামলাকারীরা বিএনপি নেতাকর্মীদের ১০টি মোটরসাইকেল ভাঙচুর ও ৪টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম বলেন, হামলার ঘটনাটি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালী : বিকালে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব চরশুল্লুকিয়া গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে নিহত হন যুবলীগ নেতা হানিফ। আহত হন আওয়ামী লীগ কর্মী নূরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থী মো. শাহজাহানের পক্ষে প্রচারণার জন্য পূর্ব চরশুল্লুকিয়া গ্রামের বিএনপি কর্মী রিজভীর বাড়িতে বৈঠক চলছিল। এসময় একই আসনের আওয়ামী লীগের প্রার্থী একরামুল করিম চৌধুরীর পক্ষে দলীয় নেতা-কর্মীরা ওই বাড়ির সামনে দিয়ে একটি মিছিল নিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে বিএনপির কর্মীরা প্রতিপক্ষের দিকে মরিচের গুড়া ছুঁড়ে মারে। যুবলীগ নেতা হানিফের চোখে মরিচের গুড়া পড়লে অসুস্থ হয়ে পড়েন। তিনি মাটিতে পড়ে গেলে বিএনপি কর্মীরা ইট দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় তাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোঁড়া হয়। তার এক পায়ে গুলিবিদ্ধ হয়। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা জানান, আগেই তার মৃত্যু হয়েছে। নিহত হানিফ পূর্ব চরশুল্লুকিয়া গ্রামের মফিজ উল্লাহর ছেলে।
স্টাফ রিপোর্টার, রাজশাহী :রাজশাহী মহানগর বিএনপির দফতর সম্পাদক নাজমুল হক ডিকেন বলেন, রাজশাহী-২ আসনের ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়াও রাজশাহী নগরীতে বিএনপির ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলনের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। অন্যদিকে রাজশাহী-২ আসনে নৌকার প্রতীকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে নগরীর ডাশমারি এলাকায় এই ঘটনা ঘটে। নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামায়াত নেতা শাহাজান আলীর কার্যালয়ের সামনে সোমবার রাতে মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টি নেতা ফজলে হোসেন বাদশার সমর্থনে একটি নৌকা প্রতীক টাঙানো হয়। ওই রাতেই রাতেই কে বা কারা তাতে অগ্নিসংযোগ করে।
বরিশাল অফিস :বরিশাল-৩ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় সহ-সভাপতি জয়নুল আবেদীনকে ফুল দেয়াকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছে। এদিকে, বিমানবন্দর এলাকায় ঝালকাঠি-২ আসনের বিএনপির প্রার্থী জীবা আমিন খানের গাড়িবহরে দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। জীবা আমিন খান বলেন, গণসংযোগ ও প্রচার-প্রচারণায় অংশ নিতে তিনি ঢাকা থেকে বিমানে বরিশাল আসেন। নেতাকর্মীরা বহর নিয়ে তাকে আনতে বরিশাল বিমানবন্দরে উপস্থিত হন। তিনি বিমানবন্দর এলাকা থেকে গাড়িতে উঠে ঝালকাঠির উদ্দেশ্যে রওয়া হন। এসময় শ্লোগান দিয়ে কিছু লোক তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
মানিকগঞ্জ : বিকালে সাটুরিয়ায় যুবলীগ ও ছাত্রলীগের হামলায় মানিকগঞ্জ— ৩ আসনের বিএনপি প্রার্থী আফরোজা খান রিতার মাজার জিয়ারত ও কয়েকটি পথ সভা পন্ড হয়ে গেছে। সাটুরিয়া কালুশাহ মাজার প্রাঙ্গনের সামনে এ ঘটনা ঘটে। এতে ছাত্রদল ও বিএনপির ১০ নেতা আহত হয়েছেন। পরে পথসভা না করে বিএনপি প্রার্থী সাটুরিয়া ত্যাগ করেন।
শেরপুর (বগুড়া): বিএনপি’র প্রার্থী গোলাম মো. সিরাজ বলেন, ধুনট উপজেলায় নির্বাচনী প্রচারণা চালানোর পরিকল্পনা ছিল। এর অংশ হিসেবে নিমগাছী ইউনিয়নে প্রচারণা কাজে অংশ নিতে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীদের ধুনট সদরের হুকুম আলী বাসস্ট্যান্ডে সমবেত হওয়ার নির্দেশনা দেওয়া হয়। সকাল সাড়ে ১০টায় ধুনট বাজারে বিচ্ছিন্নভাবে চারটি মোটরসাইকেল ভাংচুর করে নৌকা সমর্থকরা।
শাহজাদপুর ( সিরাজগঞ্জ ): উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু অভিযোগ করেন, কোন কারণ ছাড়াই আওয়ামী লীগের ৫০—৬০ কর্মী আমাদের এমপি প্রার্থী এমএ মুহিতের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। তিনটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
ফটিকছড়ি (চট্টগ্রাম): ধর্মপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি কাজী মাহমুদুল হককে তার বাড়িতে গিয়ে মহাজোট প্রার্থীর কিছু সমর্থক মহাজোট প্রার্থীর পক্ষে কাজ করতে বলেন। নইলে তার ক্ষতি হবে বলে হুমকি দেয় ও তাকে গালিগালাজ করে।