ঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজের দাম ওঠানামা করছে। এক সপ্তাহের মধ্যে প্রতি মণ পেঁয়াজের দাম ১ হাজার টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত কমেছে। আর কেজিপ্রতি কমেছে ২৫ টাকা। শৈলকুপা উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার কুণ্ডু জানান, গত রবি মৌসুমে এ উপজেলায় ৬ হাজার ১০০ হেক্টরে পেঁয়াজ চাষ হয়েছিল। পেঁয়াজ উত্পাদনের পরিমাণ ছিল ১ লাখ ১০ হাজার টন।
চাষিরা জানান, এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণের দাম ১ হাজার টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত কমে গেছে। গতকাল মঙ্গলবার শৈলকুপা হাটে প্রচুর পেঁয়াজ ওঠে। আর বিক্রি হয় ২ হাজার ২০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকা মণ দরে। অর্থাত্ প্রতি কেজির পাইকারি দাম ছিল ৫৫ টাকা থেকে ৬৫ টাকা।
দেবতলা গ্রামের চাষি আকতারুজ্জামান জানান, পাঁচ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেন। ৩০০ মণ পেঁয়াজ হয়েছিল। অর্ধেক পেঁয়াজ পচে নষ্ট হয়। ১ অক্টোবর হাটে ৩ হাজার ৫০০ টাকা মণ দরে কিছু পেঁয়াজ বিক্রি করেন। শনিবার বিক্রি করেন প্রতি মণ ২২০০ টাকা দরে।
চাষি মোকাদ্দেস লস্কর জানান, আড়াই বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেন। পেঁয়াজ হয়েছিল দেড়শ মণ। পেঁয়াজ ওঠার পর প্রতি মণ ৫০০ টাকা দরে বিক্রি করেন।
পেঁয়াজ ব্যবসায়ী ফারুক আহমেদ ও মশিউর রহমান জানান, পেঁয়াজের দাম চড়ে প্রতি মণ ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত উঠেছিল। দাম ওঠানামা করছে। এক সপ্তাহের ব্যবধানে দাম কমে ২ হাজার থেকে ২২০০ টাকায় নেমে আসে। গতকাল মঙ্গলবার আবার দাম চড়ে ২২০০ টাকা থেকে ২৬০০ টাকা মণ হয়েছে। তবে ঐ বাজারে খুচরা প্রতি কেজি বিক্রি হয় ৭০ টাকা থেকে ৭৫ টাকা দরে।