জয়পুরহাট জেলার হাটবাজারগুলোতে পেঁয়াজের দাম কমতে শুরু করলেও বেড়েছে সবজির দাম। আর এতে সাধারণ ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে। জয়পুরহাটের বড়ো সবজি বাজার নতুনহাট ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০/২৫ টাকা কেজির বেগুন বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। এছাড়াও ৪০ টাকার টমেটো ৭০ টাকা, প্রতি পিস চালকুমড়া ১০ টাকার স্থলে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ টাকার স্থলে ৪০ টাকা, ২০ টাকার পটল ৪০ টাকা, ২০ টাকার বরবটি ৪০ টাকা, ২০ টাকার শসা ৩০ টাকাসহ সব সবজির দামই বেশ চড়া। আর কাঁচামরিচ ৮০ টাকা এবং পেঁয়াজ দেশি ১০০ থেকে কমে ৮০ টাকা ও ইন্ডিয়ান পেঁয়াজ ৯০ টাকা থেকে কমে ৭০ টাকা কেজি বিক্রি হলেও বাজারে বর্তমানে রসুন ১৮০ টাকা ও আদা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে বাজারে সবজির দাম কিছুটা বেড়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুধেন্দ্রনাথ রায়।