রাজশাহীতে বিএনপি অফিসে ভাঙচুর

আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দ্বিতীয় দিনেই রাজশাহীর দুটি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সহিংসতার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে রাজশাহী-২ (সদর) এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির নির্বাচনী অফিসে ভাঙচুর ও নৌকা প্রতীকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মহানগর বিএনপির দফতর সম্পাদক নাজমুল হক ডিকেন বলেন, রাজশাহী-২ আসনের ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। এছাড়া রাজশাহী নগরীতে বিএনপির ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলনের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এ বিষয়গুলো নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেয়া হয়েছে বলে জানান এ বিএনপি নেতা।

অন্যদিকে রাজশাহী-২ আসনে নৌকার প্রতীকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে নগরীর ডাশমারি এলাকায় এই ঘটনা ঘটে। তবে কারা এ কাজ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। 

বিএনপি-জামায়াতের কর্মীরা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলে আওয়ামী লীগের নেতারা দাবি করেছে।

নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামায়াত নেতা শাহাজান আলীর কার্যালয়ের সামনে সোমবার রাতে মহাজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টি নেতা ফজলে হোসেন বাদশার সমর্থনে একটি নৌকা প্রতীক টাঙানো হয়। ওই রাতেই রাতেই কে বা কারা তাতে অগ্নিসংযোগ করে। এতে নৌকা প্রতীকটির একটি অংশ পুড়ে যায়। এ ঘটনায় মহাজোটের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ বিরাজ করছে।

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, নৌকা প্রতীকে অগ্নিসংযোগ পরিকল্পিত ষড়যন্ত্র। জামায়াত-বিএনপির ক্যাডাররা এ ধরনের ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তারা চাইছে, যে কোনোভাবে হোক নির্বাচন বানচাল করতে।

আরও পড়ুনঃ নরসিংদীতে মঈন খানের গণসংযোগে হামলা

রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর জেলা প্রশাসক এসএম আবদুল কাদের বলেন, অভিযোগ তদন্ত সাপেক্ষে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইত্তেফাক/নূহু