কোটালীপাড়ায় ঘাঘর নদীতে নৌকা বাইচ

বিজয়াদশমীর আনন্দ ভাগাভাগি করতে কোটালীপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ। গতকাল মঙ্গলবার বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাঘর নদীতে এ বাইচ হয়। এ বাইচ দেখতে নদীর দু’পাড়ে হাজার হাজার লোকের সমাগম ঘটে।

বাইচে কোটালীপাড়া ছাড়াও মাদারীপুর, বাগেরহাট, বরিশাল থেকে অসংখ্য দর্শক বাইচ উপভোগ করতে আসেন। এ বাইচে অংশ নেয় নানা রঙের বাচারী নৌকা।

বাইচে গোপালগঞ্জ, মাদারীপুরের ১২টি সরেঙ্গা, ছিপ, কোষা বাচারী নৌকা অংশ নেয়। কথিত আছে প্রায় দেড়শ বছর আগে যশোরের বিঘাপতির জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে ঘাঘর নদীতে দুর্গাপূজার বিজয়াদশমীর দিন এখানে মেলা ও বাইচের আয়োজন করেছিলেন। সেই থেকে প্রতিবছর দুর্গাপূজার সময় এখানে বাইচ অনুষ্ঠিত হচ্ছে।