কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্মাণাধীন তিন তলা ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম নামের এক নির্মাণশ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন উত্তরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক শরিফুল ইসলাম (৩০) দিনাজপুর জেলার কাহারুল উপজেলার বলরামপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন উত্তরা আবাসিক এলাকায় প্রবাসী এরশাদ মিয়ার নির্মাণাধীন তিন তলা ভবনের ওপর নির্মাণ কাজ করার সময় ভবন ঘেঁষে যাওয়া বিদ্যুতের লাইনের ৪৪০ ভোল্ট তারের সঙ্গে বৈদ্যুতিক শক খেয়ে শরিফুল ইসলাম নিচে ডোবায় পড়ে যায়। এ সময় তার সহযোগীরা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক ডা. রাবেয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণপাড়া থানার এস আই মো. মামুনুর রশিদ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়।