সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত না হওয়ায় বঞ্চিত শিক্ষকদের পক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬ হাজার প্রধান শিক্ষক গেজেটভুক্ত হতে পারছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয়ের জন্য প্রধান শিক্ষকের পদ সৃষ্টি হওয়ার কথা। কিন্তু মাত্র প্রায় ১৮ হাজার জনকে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি শিক্ষকদের ব্যাপারে ২০১৩ সাল থেকে আশ্বাসের পরও আজ পর্যন্ত গেজেটভুক্ত না করে সকল যোগ্যতা থাকার পরও প্রধান শিক্ষক না করে সহকারী শিক্ষক হিসেবে গেজেটভুক্ত করা হয়।
শিক্ষকগণ আরো বলেন, প্রধান শিক্ষক পদে বঞ্চিত হওয়ার কারণে প্রাপ্য বেতন থেকে বঞ্চিত হচ্ছেন তারা। একইভাবে সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। বিদ্যালয় পরিচালনায় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। এই অবস্থায় কর্মরত পদবঞ্চিত প্রধান শিক্ষকদের দ্রুত গেজেটভুক্তির দাবিসহ সহকারী শিক্ষকদের গ্রেডেশনসহ সকল ক্ষেত্রে ৫০% কার্যকর চাকরিকাল গণনা করে পদোন্নতি, টাইম স্কেলসহ সকল সুযোগ-সুবিধা প্রাপ্তির জোর দাবি জানানো হয়। মানববন্ধনে বঞ্চিত প্রধান শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন এস এম আব্দুল গফুর, মীর মো. গিয়াস উদ্দিন, আলহাজ কে এম মনির প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি