ফরিদপুরে অপহূত কলেজছাত্রী গাজীপুরে উদ্ধার

ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে অপহূত এক কলেজছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গত সোমবার রাতে মাইক্রোবাসযোগে পালানোর সময় প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে সফিপুর থেকে তাকে উদ্ধার করা হয়। অপহূতার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে। আলফাডাঙ্গার একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সে।

র্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, কলেজ থেকে বাসায় ফেরার পথে কয়েকজন অজ্ঞাত যুবক ছাত্রীকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা পরদিন আলফাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ১ অক্টোবর অপহরণকারীরা মোবাইল ফোনে ছাত্রীর পরিবারে ফোন দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা ছাত্রীকে হত্যার হুমকি দেয়। সোমবার ছাত্রীর বাবার কাছ থেকে অভিযোগ পেয়ে প্রযুক্তির মাধ্যমে অবস্থান সনাক্ত করা হয়। এরপর গাজীপুরের চন্দ্রা এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়।