খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অষ্টমী সেন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত অষ্টমী সেন যশোর জেলার কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের চন্দন সেনের স্ত্রী।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিত্সক (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, গুরুতর অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অষ্টমী সেন হাসপাতালে ভর্তি হন। চিকিত্সাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনায় এ পর্যন্ত নারী-শিশুসহ ১৮ জনের মৃত্যু হয়েছে।
ফরিদপুর মেডিক্যালে নারীর মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঞ্জু রানি (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ১৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। তিনি গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভর্তি হন হাসপাতালে। মৃত মঞ্জুর বাড়ি রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর গ্রামে। তিনি ঐ এলাকার হরিপদ কুমারের স্ত্রী।
পরিবারের লোকজন জানান, মঞ্জু রানি গত সোমবার সকালে জ্বরে আক্তান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তার অবস্থা অপরিবর্তিত ছিল। ঐ দিন রাতেই তিনি মারা যান। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কামদা প্রসাদ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সোমবার সকালে সে জ্বরে আক্তান্ত হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে ভর্তি করেন পরিবারের লোকজন। রাতেই তার অবস্থার অবনতি হয়। পরে তার মৃত্যু হয়। এদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে চিকিত্সা নিচ্ছেন ৭৭ জন। গত ২০ জুলাই থেকে এ পর্যন্ত ২৯৯৫ জন চিকিত্সা নিয়েছেন। এরমধ্যে ছুটি নিয়ে বাড়িতে ফিরে গেছেন ২৪৩৪ জন রোগী। আর ঢাকায় রেফার করা হয়েছে ৪৭৪ জনকে।