মহাবিশ্ব গবেষণায় পদার্থে নোবেল তিন বিজ্ঞানীর

মহাবিশ্ব নিয়ে গবেষণা করে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। গতকাল মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি তাদের নাম ঘোষণা করে। এরা হলেন-কানাডিয়ান-আমেরিকান পদার্থবিদ জেমস পিবলস, সুইস পদার্থবিজ্ঞানী মাইকেল মেয়র এবং মহাকাশবিজ্ঞানী দিদিয়ের কুইলোজ। খবর বিবিসি ও রয়টার্সের

পিবলস নোবেল পেয়েছেন মহাজাগতিক সৃষ্টিতত্ত্বের ব্যাপারে তার গবেষণার জন্য। বাকি দুই জন সৌরজগতের চারপাশে প্রদক্ষিণরত তারকার মতো একটি গ্রহ আবিষ্কারের জন্য নোবেল পেয়েছেন। ৯০ লাখ সুইডিশ ক্রোনার (৯ লাখ ১০ হাজার ডলার) তারা তিন জন ভাগ করে নেবেন। তবে পিবলস পাবেন অর্ধেক এবং বাকি অর্ধেক পাবেন দুই জন। পিবলস যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি, মেয়র সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জেনেভা এবং কুইলোজ ব্রিটেনের ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন।

নোবেল অ্যাকাডেমির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, এই দুটি আবিষ্কারে মহাবিশ্ব গঠনের ধারণা ও ইতিহাসকে নতুন করে জানা গেছে। এছাড়া সৌরজগতের বাইরে প্রথমবার কোনো গ্রহ আবিষ্কৃত হয়েছে। এর ফলে বিশ্বে বহুল প্রচলিত বেশ কিছু ধ্যানধারণা বদলে দিয়েছে। নোবেল পুরস্কারের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, জেমস পিবলসের তাত্ত্বিক কাঠামো দুই দশকেরও বেশি সময় ধরে তৈরি হয়েছে। মহাবিশ্বের ইতিহাস সম্পর্কে আমাদের আধুনিক জ্ঞান অর্থাত্ বিগ ব্যাং থেকে বর্তমান বিশ্ব পর্যন্ত সবকিছু জানা যাবে এই তত্ত্বে।