ঝাড় ফুঁক দেওয়ার অপবাদ দিয়ে আজম ব্যাপারী (২৫) নামে এক তেল ব্যবসায়ীকে প্রকাশ্যে হাত ও পা বেঁধে রাস্তায় ফেলে নির্যাতনের পর মুখে মলমূত্র ঢেলে দিয়েছে স্থানীয় কতিপয় ব্যক্তি। সোমবার রাতে ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি জেলার হিজলা উপজেলার হরিনাথপুর এলাকায় ঘটেছে। ভিডিওর সূত্র ধরে গতকাল মঙ্গলবার পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।
হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, গ্রেফতারকৃতরা হলেন— খালেক সিকদারের ছেলে মাহাবুব সিকদার, উপজেলার হরিনাথপুর ইউনিয়নের টুমচর গ্রামের বাসিন্দা শরিফ মাতব্বরের ছেলে আব্দুর রশিদ ও একই এলাকার বাসিন্দা কবির। এর মধ্যে আব্দুর রশিদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এক মিনিট ১৪ সেকেন্ডের ঐ ভিডিওটিতে দেখা গেছে, ব্যবসায়ী আজম ব্যাপারীকে পেছন থেকে হাত ও পা বেঁধে ইটের রাস্তার ওপর ফেলে এক ব্যক্তি তার বুকের উপর পাড়া দিয়ে একটি পাত্র দিয়ে মলমূত্র ঢেলে দিচ্ছেন। তার চারদিক ঘিরে দাঁড়িয়ে আছে সাত/আট জন লোক। একজন আজমের পা এবং একজনে তার মাথা মাটিতে চেপে ধরে আছে। আজম ব্যাপারী অনেক চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারেননি। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা ঘটনাটি দেখলেও কেউ প্রতিরোধে এগিয়ে আসেনি। নির্যাতনকারীদের নেতৃত্ব দিয়েছেন হরিনাথপুর লঞ্চঘাটের সুপারভাইজার মাহবুব সিকদার। প্রভাবশালীদের ভয়ে আজম মুখ খুলতে রাজি হননি বলে আজমের পরিবারের সদস্যরা জানিয়েছেন। জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সকল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।