আধা-ন্যাড়া সড়কে যানবাহনের কষ্টে চলাচল

শিবালয় (মানিকগঞ্জ) : গুরুত্বপূর্ণ আরিচা-জাফরগঞ্জ সড়কে, বিশেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত তেওতা জমিদারবাড়ি পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তার অনেকটা অংশের পিচঢালাই উঠে যাওয়ায় সড়কটিতে যানবাহন চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। এলজিইডির আওতাধীন এ সড়কে বাস-ট্রাক, পিকআপ ভ্যান-অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন নিয়মিত চলাচল করে থাকে। রাস্তা ভেঙে গিয়ে নিচের সোলিং বেরিয়ে পড়ায় প্রায়ই ছোটো-বড়ো দুর্ঘটনা ঘটছে। জাতীয় কবির পত্নী প্রমীলার জন্মস্থানখ্যাত তেওতা পর্যটন এলাকায় বিপুলসংখ্যক লোকজনের সমাগম ঘটে। অথচ ব্যস্ত এ সড়ক মেরামতের কোনো উদ্যোগ নেই। তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের জানান, এ সড়ক সংস্কার ও প্রশস্ত করার জন্য এলজিইডি বিভাগে আবেদন করা হলেও তা বাস্তবায়নে কোনো প্রকল্প গ্রহণ করা হয়নি —বাবুল আকতার মঞ্জুর