দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলাসহ দেশের বিভিন্ন স্থানে ধানের শীষের প্রার্থীদের প্রচারণায় হামলা ও গ্রেফতারের নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনী হামলার বিরুদ্ধে জন-প্রতিরোধ গড়ে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দসহ দলের অঙ্গসংগঠনের এক যৌথ সভার পর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন দল পুলিশের ছত্রছায়ায় হামলা চালিয়েছে। তিনি বলেন, নোয়াখালীর কবিরহাটে ধানের শীষের প্রার্থী মওদুদ আহমেদের নির্বাচনী পথসভা পণ্ড করে দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এতে অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে। বিএনপির নেতাকর্মীদের কমপক্ষে ২৫টি বাড়ি-ঘর, দোকানপাঠ ভাঙচুর করা হয়েছে। পুলিশের ছত্রছায়ায় আওয়ামী ক্যাডাররা এই ন্যক্কারজনক কাজ করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ।