বিডিনিউজ
হুগো লরিসের পর এবার চোটের কারণে কিলিয়ান এমবাপেকেও ২০২০ ইউরো বাছাইয়ে আইসল্যান্ড ও তুরস্কের বিরুদ্ধে পাচ্ছে না ফ্রান্স। আগামী শুক্রবার আইসল্যান্ড ও এরপর সোমবার তুরস্কের বিরুদ্ধে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।
পিএসজির এই তারকা খেলোয়াড়ের পরিবর্তে ফ্রান্স ফুটবল ফেডারেশন তাই বরুশিয়া মনশেনগ্লাডবাখ ফরোয়ার্ড আলাসান প্লিয়াকে দলে ডেকেছে। গত মঙ্গলবার বিষয়টি নিশ্চিত হয়। এমবাপে ফরাসি দলের সঙ্গে অনুশীলনেই ছিলেন। বাড়তি সতর্কতার জন্য সম্প্রতি ঊরুর চোট কাটিয়ে ওঠা ২০ বছর বয়সী তারকাকে ইউরো বাছাইয়ে না খেলানোর জন্য পিএসজির পক্ষ থেকে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমকে অনুরোধ জানানো হয়।
একই কারণে গত শনিবার লিগ ওয়ানে অঁজির বিপক্ষে ৪-০ গোলে জয় পাওয়া ম্যাচে এমবাপেকে খেলাননি পিএসজি কোচ টমাস টুখেল। পুনর্বাসন চালিয়ে যেতে ক্লাবে ফিরবেন এমবাপে। ১৮ অক্টোবর লিগে নিসের বিপক্ষে ম্যাচে তিনি ফিরতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।