শ্রীলঙ্কায় ‘এ’ দলের বড়ো হার

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কায় হতাশাজনক একটি দিন কাটাল সফরকারী বাংলাদেশ ‘এ’ দল। ব্যাটিং ব্যর্থতার দিনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তারা হারল সাত উইকেটের বিশাল ব্যবধানে। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা ‘এ’ দল।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের এদিন কেবল চার জন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। ওপেনার সাইফ হাসান করেন সর্বোচ্চ ৩২ রান। এছাড়া নাজমুল হোসেন শান্ত ২৪, মোহাম্মদ মিঠুন ২১ ও আফিফ হোসেন ধ্রুব ১১ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন অধিনায়ক ও ডানহাতি পেসার আশান প্রিয়ঞ্জন। এছাড়া দুটি করে উইকেট নেন চামিকা করুনারত্নে ও রমেশ মেন্ডিস। মাত্র ৩৩.৩ ওভারেই অলআউট হয় বাংলাদেশ। স্কোরবোর্ডে জমে মাত্র ১১৬ রান।

জবাব দিতে নেমে ২৪.১ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। হারায় মাত্র তিনটি উইকেট। বোলিংয়ের পর ব্যাটিংয়েও নায়ক অধিনায়ক প্রিয়ঞ্জন। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫০ রান। দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন তিন পেসার আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি ও মেহেদি হাসান রানা। আজ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরপর ১২ অক্টোবর, রবিবার তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে সফর শেষ করবে বাংলাদেশ ‘এ’ দল।

সংক্ষিপ্ত স্কোর:

টস: বাংলাদেশ ‘এ’

বাংলাদেশ ‘এ’ দল: ৩৩.৩ ওভারে ১১৬/১০ (সাইফ ৩২, নাঈম ২, শান্ত ২৪, এনামুল ৫, মিঠুন ২১, আফিফ ১১, আরিফুল ৫, সানজামুল ৬*, আবু হায়দার ১, মেহেদী হাসান রানা ০, আবু জায়েদ ০; ঈশান ৪-০-১৮-০, ফার্নান্দো ৫-১-২০-১, করুনারত্নে ৫-২-১৭-২, প্রিয়ঞ্জন ৪.৩-১-১০-৪, আমিলা ৭-০-২৯-১, রমেশ মেন্ডিস ৮-০-১৭-২)

শ্রীলঙ্কা ‘এ’ দল: ২৫.৫ ওভারে ১২০/৩ (নিসানকা ১, সান্দুন ১৬, কামিন্দু ২৩, প্রিয়ঞ্জন ৫০*, পেরেরা ২৪*; আবু হায়দার ৬-১-১৪-১, আবু জায়েদ ৪-০-১৯-১, রানা ৫-০-২৪-১, সানজামুল ৭-০-২৭-০, আফিফ ২-০-৭-০, আরিফুল ১.৫-০-২৮-০)

ফল: শ্রীলঙ্কা ‘এ’ দল সাত উইকেটে জয়ী।