সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে উদ্যোগকে স্বাগত জানিয়ে মানববন্ধন

পাবনা প্রতিনিধি

দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর চলমান কঠোর উদ্যোগকে স্বাগত জানিয়ে ও দেশবাসীকে তার পাশে থাকার আহ্বান জানিয়ে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ ও একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা শাখার যৌথ উদ্যোগে গতকাল বুধবার সকালে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত দুর্জয় পাবনা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন সেক্টর কমান্ডার্স ফোরামের জেলা সভাপতি আব্দুর রহিম পাকন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন সন্টু, আলী জব্বার, ফোরামের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বরুণ।

বক্তারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং এই শুদ্ধি অভিযানের সঙ্গে দেশবাসী একাত্মতা প্রকাশ করেছে বলে উল্লেখ করেন। পরে দুর্নীতিবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীদের সঙ্গে কোনো ধরনের আপস নেই বলে শপথবাক্য পাঠ করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।