বড়লেখার উজালা গ্রন্থাগার
তপন কুমার দাস, বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখার ‘উজালা গ্রন্থাগারটি’ নানা কারণে ২০০৫ সালে বন্ধ হয়ে যাওয়ার প্রায় ১৫ বছর পর ফের চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। লাইব্রেরি কর্তৃপক্ষ বড়লেখা পৌরসভাকে গ্রন্থাগারটি পরিচালনার জন্য হস্তান্তর করেছেন। ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বড়লেখা পৌর পরিষদের কাছে ভূমি, লাইব্রেরির বইসহ অন্যান্য আসবাবপত্র এবং কাগজাদি বুঝিয়ে দেওয়া হয়।
গ্রন্থাগারটি হস্তান্তরের সময় উজালা গ্রন্থাগারের পক্ষে কমিটির বর্তমান সভাপতি সাবেক এমপি সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক মিসবাউজ্জামান মাখন, যুগ্ম সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী আবু, সদস্য ফৈয়াজ আলী, সদস্য ও বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোপাল দত্ত এবং পৌরসভার পক্ষে বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কাউন্সিলর আলী আহমদ চৌধুরী জাহেদ, আব্দুল মতিন, আব্দুল মালিক জুনু প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্রন্থাগার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী আবু রবিবার বিকেলে বলেন, ‘গত বছর পৌরসভার মেয়রের আগ্রহের প্রেক্ষিতে আমরা সভা করে সিদ্ধান্ত নেই পৌরসভাকে হস্তান্তর করার। এরপর সব প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে আমরা দায়িত্ব হস্তান্তর করেছি।’
বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, ‘উজালা গ্রন্থাগার বড়লেখার একটি ঐতিহ্যবাহী গ্রন্থাগার। একসময় স্থানীয় বাসিন্দাদের প্রায় সবাই উজালা গ্রন্থাগারকেন্দ্রিক ছিল। ২০০৫ সালে নানা কারণে এটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে গ্রন্থাগার কমিটি এটি পৌরসভাকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সম্প্রতি আমাদের কাছে কাগজাদিসহ হস্তান্তর করা হয়েছে। ভূমি বুঝে পেয়েছি। পরিবেশমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। ২০২০ সালের ১৭ মার্চ আমরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার চেষ্টা করব।’