আবরার হত্যার বিচারের দাবি
চবি সংবাদদাতা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীরা। বৃষ্টি উপেক্ষা করে আবরার হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করেছে তারা।
বুধবার সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের শামছুন্নাহার হল থেকে তাদের এই বিক্ষোভ শুরু হয়। পরে খালেদা জিয়া ও প্রীতিলতা হল প্রদক্ষিণ করে শহিদ মিনার চত্বরে অবস্থান নেয়। এসময় আবরার হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের সর্বোচ্চ বিচারের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে তারা। শহীদ মিনার চত্বরে অবস্থান শেষে সাড়ে এগারোটার দিকে কাটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে কিছুক্ষণ অবস্থান নেয় আন্দোলনকারীরা। পরে পুনরায় কাটা পাহাড় সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার চত্বরে গিয়ে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শুধু একটি ফেসবুক স্ট্যাটাসের কারণে একজন ছেলেকে হত্যা করা হবে কেন? দেশকে ভালোবাসাই কি তার অপরাধ? কোনো হত্যাকাণ্ডেরই আমরা বিচার পাই না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এর আগে অনেক হত্যার ঘটনা ঘটেছে। কিন্তু বিচার হয়নি। এটার ক্ষেত্রে যেন এমনটা না হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর রেজাউল করিম সাংবাদিকদের জানান, দেশের সকল বিশ্ববিদ্যালয়ে আবরার হত্যার প্রতিবাদে আন্দোলন করছে। আমরা তাদের এই আন্দোলনকে সমর্থন করি। আমরা আশাকরি এতে তারা বিতর্কিত কোনো বিষয়কে টেনে আনবে না।