রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি চেম্বারের আয়োজনে শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে মাসব্যাপী রাঙ্গামাটি বাণিজ্য মেলা শুরু হচ্ছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করবেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার। এতে বিশেষ অতিথি থাকবেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ও রাঙ্গামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবির।
বুধবার বিকেলে রাঙ্গামাটি চেম্বার অফ কর্মাসের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান রাঙ্গামাটি চেম্বারের সভাপতি বেলায়েত হোসেন বেলাল। রাঙ্গামাটি চেম্বারের উদ্যোগে স্বল্প পরিসরে রাঙ্গামাটি বাণিজ্য মেলা আয়োজনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মেলায় স্থানীয়সহ বিভিন্ন স্থানের উত্পাদিত পণ্যসামগ্রী প্রদর্শিত ও বিক্রয় করা হবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় কোন প্রবেশমূল্য ধরা হয়নি। সকলের জন্য মেলা উম্মুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম, চেম্বারের পরিচালক আবু মনসুর, চেম্বারের পরিচালক নিজাম উদ্দিন, মেলা কমিটির আহ্বায়ক ও চেম্বারের পরিচালক উসামং মারমা, চেম্বারের পরিচালক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।