ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ডাকাতি হওয়া চিনি ও ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. জহির নামের এক বেকারি মালিককে আটক করা হয়েছে।
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুর রহমান। তিনি জানান, গত রবিবার রাতে ১৬ টন চিনি নিয়ে নরসিংদীর ঘোড়াশাল থেকে ফেনীর দাগনভূঞা যাচ্ছিল একটি ট্রাক। পথে ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর এলাকায় ডাকাতের কবলে পড়ে। এ সময় ট্রাকের ড্রাইভার আনোয়ার ও হেলপার শিপনকে ছুরিকাঘাত করে দুই জন ডাকাত চিনিসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি ও নবীনগরের কৃষ্ণনগর সুমাইয়া নামক একটি বেকারি থেকে ২৯৬ বস্তা চিনি উদ্ধার করে। এ সময় সুমাইয়া বেকারির মালিক মো. জহিরকে আটক করা হয়। জহির ডাকাতির সঙ্গে জড়িতদের নাম জানিয়েছে। এই ঘটনায় তাদের আটক ও বাকি ২৪ বস্তা চিনি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।