প্রথমবারের মতো কাতারের ভিসা সেন্টার (কিউভিসি) চালু হয়েছে। অভিবাসীদের ভিসা প্রসেসিং ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের সুবিধার্থে গতকাল মঙ্গলবার ঢাকায় এই ভিসা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সদ্য বিদায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসিকে সঙ্গে নিয়ে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত মো. আহমেদ মোহাম্মদ আল-দেহাইমি ভিসা সেন্টারটি উদ্বোধন করেন।
রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন ট্রেড সেন্টারের (১১৪, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বাংলামোটর, ঢাকা) ১১তম তলায় আধুনিক বায়োমেট্রিক সরঞ্জাম ও শারীরিক পরীক্ষার উপকরণ সমৃদ্ধ কাতার ভিসা সেন্টারটি স্থাপন করা হয়েছে। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০মিনিট পর্যন্ত ভিসা সেন্টারটি কার্যক্রম পরিচালনা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত মো. আহমেদ মোহাম্মদ আল-দেহাইমি বলেন, বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী শ্রমিকদের জন্য কাতার অন্যতম জনপ্রিয় একটি কর্মক্ষেত্র। কাতার সরকার আইন করে অভিবাসীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। এই কার্যক্রমকে এগিয়ে নিতে বাংলাদেশে কাতারের ভিসা সেন্টার স্থাপন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।
বর্তমানে কাতারে প্রায় সাড়ে ৩ লাখ বাংলাদেশি অভিবাসীর অধিকাংশই শ্রমজীবী। এই ভিসা সেন্টার স্থাপনের মাধ্যমে এখন থেকে কাতারে অভিবাসন প্রত্যাশীদের কর্মচুক্তি ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন করতে হবে। প্রতিবছর প্রায় সহস্রাধিক শ্রমিক কাতার পাড়ি জমান। তাই ভিসা কার্যক্রম সুষ্ঠু ও ঝামেলামুক্ত করতে তাদের এই ভিসা সেন্টারের মাধ্যমে ভিসা কার্যক্রম প্রক্রিয়া সম্পর্কে অবগত করা হবে।