রাজশাহীতে আখখেত থেকে লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাটাখালী এলাকার একটি আখখেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কাটাখালী থানা পুলিশ লাশটি উদ্ধারের সময় ঘটনাস্থলে থাকা স্যান্ডেল ও ছাতা দেখে লাশটি দুলালের বলে নিশ্চিত করেন তার সহোদর রেজাউল ইসলাম। নিহত দুলাল বেলপুকুরের উত্তর কাজিরপাড়ার মৃত সোবহান আলীর ছেলে।

কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান বলেন, দুলাল প্রায় ১৫ দিন আগে থেকে নিখোঁজ ছিল। এর আগেও বেশ কয়েকবার নিখোঁজ হয়েছিল। আখখেত থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় সেখানে নেশা জাতীয় বিভিন্ন জিনিস পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।