জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে রয়েছে দেশের সর্ববৃহত্ ও একমাত্র দানাদার ইউরিয়া সার উত্পাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা (জেএফসিল)। প্রতিদিন ১৭০০ মেট্রিক টন সার উত্পাদনে সক্ষম এ কারখানাটি বিসিআইসির কেপিআই-১ মানের একটি প্রতিষ্ঠান। এখান থেকে ময়মনসিংহ বিভাগসহ উত্তরাঞ্চলের ১৬টি জেলার কৃষকদের সারের চাহিদা পূরণ করা হয়। বর্তমানে যমুনা সার কারখানায় উত্পাদন সাময়িক বন্ধ থাকলেও সিন্ডিকেটের দৌরাত্ম্য থেমে নেই। একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কারখানার শ্রমিক-কর্মচারীদের জিম্মি করে নানা উপায়ে অর্থ আদায় ও বিভিন্ন সেকশনে অবৈধ প্রভাব বিস্তার করে আসছে। সম্প্রতি নর্থবেঙ্গল পেপার মিল থেকে আগত ৩০ জন শ্রমিক-কর্মচারীর যোগদানে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ও কলোনির বাসা বরাদ্দে প্রায় ৩৫ জনের কাছ থেকে ৩০-৪০ হাজার টাকা করে উেকাচ নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত বৃহত্ শিল্প কারখানায় এ ধরনের দুর্নীতি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করে। তাই যমুনা সার কারখানাকে সিন্ডিকেটমুক্ত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রেজাউল হক রোকন
তারাকান্দি, সরিষাবাড়ী, জামালপুর