দুর্নীতিবিরোধী অভিযানে সহযোগিতা দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশ থেকে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে সফল করার জন্য সকলের প্রতি সহযোগিতা দেওয়ার আহ্বান জানান। গতকাল বুধবার রাষ্ট্রপতি ১৫ বছর পর নিজ জেলায় তার প্রথম নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সফরে আসেন। তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে নাগরিক সংবর্ধনায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ১৯৭০ সালে আমার জীবনের প্রথম নির্বাচনে নির্বাচনী এলাকা ছিল তাড়াইল-ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম-নিকলী উপজেলা। তিনি তাড়াইলের স্মৃতিচারণ করেন এবং তাড়াইলের উন্নয়নের জন্য একটি স্টেডিয়াম নির্মাণ, মুক্তিযোদ্ধা সরকারি কলেজের একাডেমিক ভবন নির্মাণ, নরসুন্দা নদী খনন ও ইটনা উপজেলা থেকে কলুমা হয়ে তাড়াইল উপজেলায় সংযোগ সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও নাগরিক সংবর্ধনা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ভূঞা মোতাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, তাড়াইল-করিমগঞ্জ আসনের সংসদ সদস্য ও নাগরিক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঞা শাহিন। বিশেষ অতিথি ছিলেন বাজিতপুর-নিকলী আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান। এর পূর্বে উপজেলা পরিষদ চত্বর বালুর মাঠে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়ার পর শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নবনির্মিত স্বাধীনতা’৭১ ভাস্কর্য উদ্বোধন করেন তিনি।