আড়াইহাজারে স্ত্রীকে গলা কেটে হত্যা

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার উত্তর কলাগাছিয়া গ্রামে দুই সন্তানের জননী ছালেহা বেগমকে (৩০) গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে তার স্বামী। বুধবার সকালে পুলিশ নিহতের ঘর থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহতের বাবা হাসান আলী জানান, ১৫ বছর আগে মাধবদী থানার খাদিমার চর গ্রামের মৃত আ. খালেকের ছেলে মোবারক হোসেনের সঙ্গে তার মেয়ে ছালেহার বিয়ে হয়। বিয়ের পর থেকে মোবারক তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকত। তাদের এক ছেলে, এক মেয়ে। মঙ্গলবার মধ্য রাতে মোবারক তার স্ত্রীকে গলা কেটে হত্যা করার পর পালিয়ে যায়। ছেলে মেহেদী হাসানের চিত্কারে আশপাশের লোকজন এসে ছালেহাকে মৃত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহতের বোন পারভিন জানান, ছালেহা সৌদি আরব থাকতেন। মাস দুই আগে তিনি দেশে আসেন।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাশির উদ্দিন জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, এ হত্যাকাণ্ড নিহতের স্বামী মোবারক হোসেনই ঘটিয়েছে। হত্যার কারণ জানা যায়নি। ঘাতককে গ্রেফতারে জোর তত্পরতা চলছে। এ ব্যাপারে নিহতের বাবা হাসান আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

তিনি আরো জানান, স্বামী একাই ঘটনা ঘটিয়েছে না সাথে আরো লোক ছিল তা নিয়ে তদন্ত চলছে।