খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলায় ট্যাংকলরি শ্রমিকরা ১০ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। দুই শ্রমিকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনাসংক্রান্ত মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির ডাক দেয় খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নসহ চারটি সংগঠন।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই ১০ ঘণ্টা খুলনা মহানগরীর খালিশপুরের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং খুলনা বিভাগের ১০ জেলা ও বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলাসহ ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ ছিল। এদিকে, পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি ও পরিবহন বন্ধ থাকায় যানবাহন চালকদের তেলের অভাবে দুর্ভোগে পড়তে হয়। খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ নূর ইসলাম বলেন, গত ৪ এপ্রিল খুলনার আড়ংঘাটায় সড়ক দুর্ঘটনা ঘটে। কেউ মারা না গেলেও থানায় মামলা হয়। ঐ মামলার চার্জশিটে শ্রমিক আব্দুর রহিম ও মো. সাঈদকে আসামি করা হয়। এ মামলা প্রত্যাহারের দাবিতে তারা এ কর্মবিরতি করেন। মামলা প্রত্যাহার করা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।