বিদেশ গমনেচ্ছ শ্রমিকদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের সময় অবৈধভাবে অর্থ আদায় ও হয়রানির অভিযোগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ঢাকা অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে দুদক টিম দুই আনসার সদস্যকে টাকা নিয়ে অনিয়ম করার প্রমাণ পায়। পরে তাদেরকে ঐ কার্যালয় থেকে বদলি করে দেওয়া হয়। দুদক প্রধান কার্যালয়ে সহকারী পরিচালক জেসমিন আক্তারের নেতৃত্বে গতকাল বুধবার এ অভিযান চালানো হয়।
দুদক সূত্র জানায়, টিম ছদ্মবেশে অভিযান পরিচালনাকালে উপস্থিত আনসার সদস্য এবং কিছু দালাল ফিঙ্গার প্রিন্ট দিতে আসা শ্রমিকদের সরলতার সুযোগ নিয়ে সেবা প্রদানের নামে তাদের কাছ থেকে টাকা আদায় করছে বলে প্রমাণ পায়। টিম জানতে পারে, ফিঙ্গার প্রিন্ট প্রদানের ফরম বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও সেগুলো দালাল ও আনসার সদস্যরা ১০০ টাকার বিনিময়ে বিক্রি করে। এছাড়া টাকার বিনিময়ে ফিঙ্গার ফ্রিন্টের সিরিয়াল এগিয়ে দেওয়া হয়—এমন প্রমাণও পায় অভিযানকারী টিম।