ব্রেক্সিটের ভাগ্য নির্ধারণে ব্রিটিশ পার্লামেন্টের বিশেষ অধিবেশন ১৯ অক্টোবর

ব্রেক্সিটের ভবিষ্যত্ নির্ধারণে আগামী ১৯ অক্টোবর ব্রিটিশ পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসবে। ৩১ অক্টোবর ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাবে কি না সেই বিষয়ে এই অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হবে। খবর বিবিসির

১৯ অক্টোবরের মধ্যে যদি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ইইউর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে সমর্থ হন তাহলে তিনি সেটি অনুমোদনের জন্য এমপিদের প্রতি আহ্বান জানাবেন। আর না পারলে নতুন প্রস্তাব আসবে অধিবেশনে। অধিবেশনে চুক্তি ছাড়া ব্রিটেনের বের হয়ে যাওয়া অথবা ব্রেক্সিট কার্যক্রম স্থগিত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্স এ পর্যন্ত চারবার শনিবারে বসেছে। প্রথম বসে ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। প্রধানমন্ত্রী বরিস জনসন ৩১ অক্টোবরের মধ্যেই ব্রেক্সিট কার্যকরের অঙ্গীকার করে আসছেন। যদিও ব্রেক্সিটের সময় বাড়াতে ইইউর কাছে চিঠি লিখতে একটি প্রস্তাব পার্লামেন্টে পাশ হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী সেটি মানবেন না বলে জানা গেছে। তবে প্রধানমন্ত্রীকে বাধ্য করতে আদালতের দ্বারস্থ হতে পারেন এমপিরা। এমনকি ১৯ অক্টোবর কিংবা পরে বড়ো ধরনের বিক্ষোভও হতে পারে।