চট্টগ্রামে উত্সবমুখর পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। গত সোমবার প্রতীক বরাদ্দের পরপরই বিভিন্ন জোট ও দল থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীরা প্রচারণায় নেমে পড়েন। গতকাল মঙ্গলবার দিনভর নগরী ও জেলার বিভিন্ন আসনের প্রার্থীরা ভোটারদের বাসা-বাড়িতে গিয়ে গণসংযোগ করেন। প্রার্থীদের পক্ষে ব্যানার, পোস্টার তেমন একটা দেখা না গেলেও মিছিল ও মাইকিং হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অধিকাংশ স্থানে প্রচারণা চলাকালে প্রার্থী ও সমর্থকদের মধ্যে হূদ্যতাপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে।
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান ও আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেল আমানত শাহ মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। জিয়ারত শেষে মাজার থেকে বের হওয়ার সময় তারা পরস্পরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। এছাড়া নগরী ও জেলার প্রায় সবখানেই উত্সবমুখর পরিবেশ বজায় ছিল। জেলার পটিয়ায় নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পোস্টার একই স্থানে পাশাপাশি দেখা যায়। সাধারণ মানুষের আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল নির্বাচন। তবে কয়েকটি স্থানে বিপরীত চিত্রও দেখা গেছে।
সোমবার রাতে জেলার ফটিকছড়ির নানুপুর এলাকায় মহাজোটের নৌকা মার্কার প্রার্থী নজিবুল বশর মাইজভান্ডারী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আপেল মার্কার পেয়ারুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছে। জেলার সীতাকুন্ডে বিএনপি প্রার্থীর বাড়িতে কর্মীসভা শেষ করে বের হওয়ার পথে পুলিশের হাতে ২৫ জন আটক হয়েছেন।
চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী এমএ লতিফ নির্বাচনী প্রচারণা শুরু করেন প্রতীক বরাদ্দের পরপরই। গতকাল নৌকার পক্ষে ডিজিটাল প্রচারণা চালাতে নগরীতে ‘তারুণ্যের মঞ্চ’ উদ্বোধন করা হয়েছে। সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এর উদ্বোধন করেন।
গতকাল নগরীর চারটি আসনে বিএনপি দলীয় প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেন। চট্টগ্রাম ১১ আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী ছোটপুল এলাকা থেকে প্রচারণা শুরু করেন। দিনভর তিনি দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডে গণসংযোগ করেন। চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বর্তমানে কারাগারে থাকলেও গতকাল দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে তার সমর্থনে মিছিল বের হয়। এরপর জামালখান এলাকায় তার সমর্থকরা গণসংযোগ করেন। চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী আবু সুফিয়ান নগরীর চান্দগাঁও এলাকায় নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
২৫ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ:চট্টগ্রামের সীতাকুন্ডে বিএনপি প্রার্থীর বাড়িতে কর্মী সভা শেষে বের হওয়ার পথে পুলিশ ২৫ জনকে গ্রেফতার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এ অভিযোগ করেন ওই আসনের বিএনপি প্রার্থী ইসহাক চৌধুরী। গ্রেফতারকৃতদের মধ্যে ইসহাক চৌধুরীর ভাই নেজাম চৌধুরী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম রয়েছেন বলে দাবি করেন তিনি। আটক ব্যক্তিদের মুক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তিনি। সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আফজাল হোসেন জানান, সোমবারের ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।
ইত্তেফাক/নূহু