এই সময়ের ছড়া

মানবতার পক্ষে এসো

কষ্ট কোথায় রাখব বলুন, ঢাকব কিসে লজ্জা,

ভেতর ভেতর ঘুণের বসত, বাইরে আলোকসজ্জা।

 

তুষের আগুন ধিকিধিকি জ্বলছে এবং জ্বলবে,

হূদয় ভরা দুঃখগুলো খুনের কথা চলবে।

 

রাজনীতি আজ শিখছ যারা—একটু রেখো স্মরণ,

মত প্রকাশের স্বাধীনতা যায় না করা হরণ।

 

খাঁচা থাকে অনেক রকম, ভাঙতে হবে খাঁচা,

স্বাধীন দেশের রাজনীতি হোক সবাই মিলে বাঁচা।

 

তোমরা ছিলে বড়োভাই কেউ, কেউবা সহপাঠী,

আবরারকে আর পাবে না করেও কান্নাকাটি।

 

ভিসি তো নন অবোধ শিশু ফিডারে দুধ খান,

কোন বিবরে লুকিয়ে ছিলেন দোহাই বলে যান।

জানাজাতেও আসেননি তো কী বলি কী বলি,

ব্যথায় কাতর হতে থাকি, রাগে আবার জ্বলি।

 

আবার কোনো মায়ের বুক হয় না যেন খালি,

মানবতার পক্ষে এসো আমরা প্রদীপ জ্বালি।

 

নিন্দা-ঘৃণা প্রকাশ করা যাচ্ছে না তো ভাষায়,

পুত্রশোকের মাতম চলছে কুষ্টিয়ার ঐ বাসায়।