আশাশুনি ও দেবহাটা উপজেলা এবং কালিগঞ্জ উপজেলার একাংশ নিয়ে গঠিত সাতক্ষীরা-৩ আসন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই।
এ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক তৃতীয় বারের মতো দলীয় মনোনয়ন পেয়ে কাজ করছেন।
এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শহিদুল আলম। এলাকার মানুষের কাছে তিনি বেশ জনপ্রিয়। বিভিন্ন কারণে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা মাঠে দাঁড়াতে না পারলেও নির্বাচনী প্রচারণা তিনি চালাচ্ছেন। তবে এ আসনে দুজনই হেভিওয়েট প্রার্থী হওয়াই তাদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।
আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের সঙ্গে দেবহাটা উপজেলার পাঁচটি এবং কালিগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নসহ মোট ২০টি ইউনিয়ন নিয়ে সাতক্ষীরা-৩ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৩৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৫ হাজার ৫১৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৮২৩ জন।
ইত্তেফাক/ইউবি