শেয়ারবাজারে দরপতনের মধ্য দিয়েই শেষ হলো সপ্তাহ। এ নিয়ে চলতি সপ্তাহ জুড়েই সূচকের পতন হয়েছে। একদিন বন্ধ বাদ দিয়ে বাকি চার কার্যদিবস লেনদেন হয়েছে। এক দিনও সূচকের উত্থান দেখা যায়নি। সপ্তাহের শেষ দিন গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫২ পয়েন্ট। আর চলতি সপ্তাহে এই বাজারে মোট সূচক কমেছে ১২২ পয়েন্ট। সর্বশেষ এখন ডিএসইর সূচক অবস্থান করছে ৪ হাজার ৮১০ পয়েন্টে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, চলতি সপ্তাহেই বাজার মূলধন কমেছে ৭ হাজার ৮২৬ কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চিত্রও একই ধরনের। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৬২ পয়েন্টে।
শেয়ারবাজারের উন্নয়নে সরকারের নেওয়া নানামুখী পদক্ষেপ সত্ত্বেও সূচকের এমন পতনে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা এবং আতঙ্ক ভর করেছে। সাধারণ বিনিয়োগকারীরা এখন বাজারের প্রতি আস্থা আনতে পারছেন না। একদিকে তারল্যের অভাব অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ের চেয়ে বিক্রিতে মনোযোগী হওয়াসহ বেশকিছু কারণে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে বাজার সম্পর্কে আরো আস্থাহীনতা তৈরি করেছে। ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটি অংশ বাজার থেকে বের হয়ে যাচ্ছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, লেনদেন শেষে ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭০৪ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৭ কোটি ৮২ লাখ টাকার। যা আগের কার্যদিবসের চেয়ে সামান্য বেশি। লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ২৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো: ন্যাশনাল টিউবস, বিএসসি, ওয়াটা কেমিক্যালস, এটলাস বাংলা, সিলকো ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিকস, মুন্নু স্টাফলার, জেএমআই সিরিঞ্জ, স্কয়ার ফার্মা ও বঙ্গজ লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : এমএল ডাইং, শাহজালাল ইসলামি ব্যাংক, এটলাস বাংলা, বঙ্গজ, সেলভো কেমিক্যাল, ইস্টার্ন ইনসিওরেন্স, বিএসসি, ওয়াটা কেমিক্যালস, একমি ল্যাব ও ন্যাশনাল টি কোম্পানি। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : আলহাজ টেক্স, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, আরএন স্পিনিং, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ব্যালান্সড ফান্ড, সমতা লেদার, সাভার রিফ্রেক্টরিজ, এক্টিভ ফাইন, মিরাকেল ইন্ডাস্ট্রিজ ও সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড।