বেসিসের উদ্যোগে এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সৌজন্যে ৩য় বারের মতো অনুষ্ঠেয় বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এ এ বছর ১ হাজার ১৭৫টি প্রকল্প জমা পড়েছে। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের ৩য় আসরে মোট ৩৫টি ক্যাটাগরিতে ১০৫টি পুরস্কার প্রদান করা হবে।
১২ অক্টোবর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।
উল্লেখ্য, আগামী পাঁচ বছর বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের পৃষ্ঠপোষকতায় বেসিসের পাশে থাকবে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। এ লক্ষ্যে বেসিস-আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে গতকাল।
বেসিস মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান, বেসিস পরিচালক এবং বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯-এর আহ্বায়ক দিদারুল আলম।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম, ডিএমডি এবং হেড অব বিজনেস ফাইন্যান্স, রিজওয়ান দাউদ শামস এবং হেড অব করপোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস প্রমুখ।
উল্লেখ্য, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস থেকে প্রাপ্ত বিজয়ীদের অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এ বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মনোনীত করা হবে। এ বছর অ্যাপিকটা অ্যাওয়ার্ডস আগামী ১৮-২৩ নভেম্বর ২০১৯ ভিয়েতনামের হা লং বেতে অনুষ্ঠিত হবে ।
বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে সারাদেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করা হয় এবং উত্সাহ প্রদান করার লক্ষ্যে পুরস্কার প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরির প্রকল্পগুলো দেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা তুলে ধরছে।
বেসিস আইসিটি অ্যাওয়ার্ড সম্পর্কে আহ্বায়ক দিদারুল আলম বলেন, এ বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের আদলে সাজানো হয়েছে। থাকবে বিগত বছরের বিজয়ীদের প্রকল্প প্রদর্শনী, লেজার শো, সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি নতুন আদলে বানানো আইসিটি অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে।
চুক্তি স্বাক্ষর শেষে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম বলেন, ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বের জন্য স্বীকৃতি প্রদান করা। আমরা এ উদ্যোগের সঙ্গে দীর্ঘমেয়াদে থাকতে চাই। আজকের চুক্তির মাধ্যমে আমাদের যাত্রা শুরু হলো।’