ধারাবাহিকতায় নজর শ্রীলঙ্কার

শ্রীলঙ্কা দল এখন এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চায়। স্মরণীয় এক সিরিজ কাটানোর পর তেমনটাই দাবি করলেন লঙ্কান কোচ রুমেশ রত্নায়েকে।

এবারই প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করলো প্রতিপক্ষকে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল পাকিস্তানকে হারাল তাদেরই মাঠে। কোচ রত্নায়েকের চাওয়া এবার ধারাবাহিকতা।

তিনি বলেন, ‘আমরা এখন যেটা চাই সেটা হল ধারাবাহিকতা। আমরা এখানে জিতে গেছি। কিন্তু, কোচ হিসেবে অবশ্যই আমি চাইব যেন এই ধারাবাহিকতাটা ভবিষ্যতেও থাকে। আর সেটা কেবল টি-টোয়েন্টিতেই নয়, বাকি দু’টি ফরম্যাটেও আমাদের নিজেদের আবারও প্রমাণ করার সময় চলে এসেছে।’

ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে হারের পর টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় তৃপ্ত এই কোচ। তিনি সিরিজ শেষে জানালেন নিজেদের এই জ্বলে ওঠার রহস্য, ‘আমাদের দলটা মোটেও দুর্বল কোনো দল নয়। আমরা নিজেদের সেরা দল নিয়েই এসেছি। আমাদের ৩০-৪০ জন ভালো খেলোয়াড় আছেন। ফলে, যাকেই আমরা নেই না কেন, তার প্রতি ভরসা রাখতে জানি।  আমরা বিশ্বাস করি শীর্ষ পর্যায়ে যেকোনো কিছুই হতে পারে। আমরা বেশি মনোযোগ দেই ভয়ডরহীন ক্রিকেট খেলার দিকে। আসলে ক্রিকেটটা নির্ভর করে কয়েকটা ভালো সিদ্ধান্তের ওপর। কারণ, আপনি যত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন, ততই আপনার ম্যাচ জয়ের সম্ভাবনা বাড়বে। আমরা কোনো ভয় ছাড়াই মাঠে নেমেছিলাম। তাই, আমরা নিজেদের পরিকল্পনাগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পেরেছি।’

শ্রীলঙ্কার জন্য এখন অপেক্ষা করছে অস্ট্রেলিয়া। দলটি এই অক্টোবরেই অস্ট্রেলিয়া সফরে যাবে। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি হবে অ্যাডিলেডে। এর পরের দু’টি ম্যাচ হবে ব্রিসবেন ও মেলবোর্নে। দ্বিতীয়টি ৩০ অক্টোবর ও শেষটি  এক নভেম্বর।