চাকরী যাবে না সোলসারের

ম্যানচেস্টার ইউনাইটেড তাদের পরবর্তী খেলায় লিভারপুলের কাছে হেরে গেলেও কোচ ওলে গুনার সোলসারের চাকরি যাবে না। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির পক্ষ থেকে নরওয়ের এই কোচকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ খেলায় নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে যাওয়ায় কোচ সোলসারের চাকরি টিকে কিনা এ নিয়ে গুঞ্জন ছিল। বর্তমানে ফুটবল লিগগুলোয় আন্তর্জাতিক ম্যাচের কারণে বিরতি চলছে। এই বিরতি শেষে ২০ অক্টোবর ম্যানচেস্টারের মাঠেই অনুষ্ঠিত হবে দুদলের খেলাটি। লিভারপুলের কাছেও হারলে ইউনাইটেড কোচের চাকরি ঝুঁকিতে পড়াই হবে স্বাভাবিক।

কিন্তু ক্লাবটির বোর্ড কোচকে আরো সময় দিতে চায়। লন্ডনের দ্য টাইমস পত্রিকা এ তথ্য জানায়। পত্রিকাটি লেখে, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে ওলে গুনার সোলসারের চাকরি নিরাপদ। এমনকি আগামী সপ্তাহে লিভারপুলের কাছে বাজেভাবে হারলেও।’

ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেড বর্তমানে আট খেলা শেষে ১২তম স্থানে আছে। অবনমন অঞ্চল থেকে তাদের দূরত্ব কেবল দুই পয়েন্টের। তারপরও ক্লাবটি তাদের দুর্দশায় নিপতিত কোচের ওপর আস্থা রাখছে।

বোর্ডের তরফে এরকম নিশ্চয়তা পাওয়ায় সোলসারের আত্মবিশ্বাসও বেড়েছে। এ কারণে তিনি আন্তর্জাতিক বিরতিতে ছুটিতে না গিয়ে এ সময়টা অনুশীলনের জন্য বেছে নিয়েছেন।