গেল ডিসেম্বর থেকে কর্মহীন হোসে মরিনহো। ইউরোপের অন্যতম সেরা এই কোচের পরবর্তী গন্তব্য কোথায় আপাতত বোঝা যাচ্ছে না। কারণ বড়ো কোনো ক্লাবেই পদ খালি নেই। এর মধ্যে ফরাসি লিগের দল অলিম্পিক লিয়তে যাওবা পদ খালি হলো, পর্তুগীজ এই কোচ আবার তাদের না বলে দিয়েছেন। ক্লাবটির সভাপতি জ্যঁ মিশেল অলাস নিজেই জানিয়েছেন এ তথ্য। লিয় সভাপতি বলেন,‘আমাদের মধ্যে কিছু এসএমএস বিনিময় হয়েছে। তিনি সাক্ষাতের জন্য আমাদের প্রস্তাব গ্রহণ করেননি। কারণ তিনি এরই মধ্যে আরেকটি ক্লাবকে পছন্দ করেছেন।’ ফরাসি রেডিও আরএমসি জানায় মরিনহো ইংলিশ ফুটবলে ফিরতে চান বলে প্রস্তাবটি ফিরিয়ে দেন। গত সোমবারই লিয় তাদের কোচ সিলভিনহোকে বরখাস্ত করে।