প্রথমবারের মতো চট্টগ্রামে আজ শুক্রবার শুরু হচ্ছে শেখ রাসেল ক্লাব কাপ বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা।
দেশের বিভিন্ন অঞ্চলের ৪৫টি সুইমিং ক্লাবের ১৬২ জন বালক ও ৬৫ জন বালিকাসহ সর্বমোট ২২৭ জন সাঁতারু দুই দিনের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। সাঁতারুদের পাশাপাশি ৪৫ জন টিম অফিসিয়াল ও ৪৫ জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৯০ জন কর্মকর্তা প্রতিযোগিতাস্থলে এসে পৌঁছেছেন। অংশগ্রহণকারী সাঁতারু ও কর্মকর্তাদের রাখা হয়েছে নগরীর উন্নতমানের বিভিন্ন আবাসিকে।
সাঁতারুদের ভাগ করা হয়েছে তিন ক্যাটাগরিতে। ১১-১২, ১৩-১৪ ও ১৫-১৭ বয়সের সাঁতারুরা বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। সুইমিং ফেডারেশনের আয়োজনে, চট্টগ্রাম জেলা ক্রীড়াসংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের অর্থায়নে প্রতিযোগিতা সফল করে তুলতে আয়োজকদের পক্ষ হতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
চট্টগ্রাম আউটার স্টেডিয়াম সংলগ্ন জেলা ক্রীড়া সংস্থার সুংমিংপুলে দুই দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন সকাল ১০টায়। তবে তার আগে সকাল ৯টায় শুরু হয়ে যাবে সাঁতারুদের ট্র্যাকের লড়াই। দুই দিনের প্রতিযোগিতায় ইভেন্ট রয়েছে ৪৪টি। প্রতিযোগিতার বাজেট ১৫ লক্ষ টাকা। গতকাল বৃহস্পতিবার সিজেকেএস মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন তথ্য তুলে ধরেন। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. সামসুদ্দৌহা, জেলা ক্রীড়াসংস্থার সাঁতার কমিটি ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল হামিদ ও মো. সেলিম, কোষাধ্যক্ষ রেজাউল করিম, নির্বাহী সদস্য আসলাম মোর্শেদ, কমিটির আহবায়ক মো. শাহাজাহান প্রমুখ।