পূর্বাচলে নিজস্ব অর্থায়নে বিশ্বমানের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। প্রাথমিকভাবে স্থপতি নিয়োগের জন্য দরপত্র আহ্বান করেছিল বিসিবি। তাতে ভালো সাড়া পড়েছে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক মাহবুব আনাম। প্রায় ২০-২২টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে স্টেডিয়াম নির্মাণের ডিজাইন তৈরি করে দিতে। গতকাল বিকালে মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহবুব আনাম বলেছেন, ‘বিশ্বের প্রথম সারির আর্কিটেক্ট ফার্মগুলো তাদের আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রীর নামের এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের এবং এশিয়ার, উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ স্টেডিয়াম হিসেবে স্বীকৃতি লাভ করবে।’ দরপত্রের বিপরীতে অনেক আবেদন জমা পড়েছে জানিয়ে বিসিবির এই পরিচালক বলেছেন,‘প্রায় দুই ডজনের বেশি দরপত্র পড়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক আর্কিটেক্ট ফার্ম অংশ নিয়েছে। সেটাই আমাদের জন্য আশার একটা বাণী। যারা বিখ্যাত স্টেডিয়াম বানিয়েছে সেই ধরনের কোয়ালিটির কোম্পানিগুলোই অংশ নিচ্ছে।’