রাঙ্গামাটি জেলার একমাত্র কৃষি গবেষণা কেন্দ্র কাপ্তাই উপজেলার রাইখালীতে অবস্থিত। ‘পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র রাইখালী’ নামে পরিচিতি এই গবেষণা কেন্দ্রের বিস্তৃত জমিতে দুর্লভ প্রজাতির গাছ সংরক্ষণসহ ফসলের নতুন জাত উদ্ভাবন করার জন্য নানা পরীক্ষা চালানো হয়। কিন্তু বর্তমানে পাহাড়ি ছড়ায় ভাঙনের কবলে পড়েছে এই কৃষি গবেষণা কেন্দ্রটি। ভারী বৃষ্টির সময় পাহাড়ি ছড়ার ওপর দিয়ে প্রবলবেগে স্রোত বয়ে যায়। তখন ভাঙনের কবলে পড়ে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র রাইখালীর গবেষণা মাঠসহ মূল্যবান জমি। ভাঙনের কারণে ইতিমধ্যে গবেষণা কেন্দ্রের কয়েকটি স্থাপনা বিলীন হয়ে গেছে। অনেক গবেষণা জমিও হারিয়ে গেছে। ভবিষ্যতে আরো জমি ভাঙনে বিলীন হবার আশঙ্কা রয়েছে বলে জানান পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র রাইখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলতাফ হোসেন।
তিনি বলেন, গবেষণা কেন্দ্রের প্রতি ইঞ্চি জমিও আমাদের কাছে মূল্যবান। কিন্তু প্রতিনিয়ত ভাঙনের কবলে পড়ে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র রাইখালীর আয়তন কমছে। জানা গেছে, কৃষি গবেষণা কেন্দ্রের ভেতর দিয়ে তিন স্থানে পাহাড়ি ছড়া রয়েছে। একই ছড়া ঘুরেফিরে গবেষণা কেন্দ্রের তিন স্থান দিয়ে চলে গেছে। যেখান দিয়েই পাহাড়ি ছড়া গেছে সেখান দিয়েই ভাঙন দেখা দিচ্ছে। গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য পানি উন্নয়ন বোর্ড এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানিয়েছেন।