গোদাগাড়ীতে পদ্মায় বিদ্যালয় ভবন বিলীন

গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয় পদ্মা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর দেড়টার মধ্যে নদীর ভাঙনে বিদ্যালয়টির একটি অংশ বিলীন হয়ে যায়। নদীর এ ভাঙন দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরের অনেক মানুষই এরইমধ্যে তাদের স্থাপনা, বসতঘর ও মালামাল সরিয়ে নিতে শুরু করেছে।

চরআষাড়িয়াদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ রানা উজ্জ্বল বলেন, দিয়াড় মানিকচক বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র বৃহস্পতিবার সকালে একটি ভবন নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

তিনি জানান, ১৫ দিনের ব্যবধানে পদ্মার পানি কমে যাওয়ায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে করে চর বয়ারমারী আমিনপাড়া গ্রামের শতাধিক বাড়িঘর সম্পূর্ণ নদীতে বিলীন হয়েছে। গ্রামটির আরো দুই শতাধিক বাড়ি বিলীনের আশঙ্কা রয়েছে।

দিয়াড় মানিকচক বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক বজলুর রশিদ বলেন, শেষ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়টি রক্ষা করা গেল না। সকালে একটি ভবন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ বিষয়ে উপজেলা শিক্ষাকর্মকর্তা মমতাজ মহলকে অবহিত করেছি।

চরআষারিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগে থেকেই স্কুলটি নদী ভাঙনের ঝুঁকিতে ছিল। বেশ কয়েকদিন আগে স্কুলের ভবনের কিছু জায়গায় ফাটল ধরে। সকালের দিকে ভবনটি ধসে পড়ে।

গোদাগাড়ী উপজেলা শিক্ষাকর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতাজ মহল বলেন, দিয়াড়মানিকচক বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় রাজশাহী জেলা ও বিভাগীয় পরিচালককে অবহিত করা হয়েছে। আর স্কুলের দরজা-জানালা, আসবাবপত্র সরিয়ে নেওয়া হয়েছে। আরো একটি ভবন আছে দরপত্র আহ্বান করা হয়েছে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের জন্য ক্লাসের প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।