ঝিনাইদহ শহরে স্থাপিত সিসি ক্যামেরাগুলো নষ্ট

ঝিনাইদহ শহরে লাগানো সিসি ক্যামেরাগুলো নষ্ট হয়ে গেছে। এতে শহরের ব্যবসাপ্রতিষ্ঠান ও মানুষের চলাচল অনিরাপদ হয়ে পড়েছে। ২০১৭ সালে পুলিশ প্রশাসনের উদ্যোগে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। শহর জুড়ে ১২৮টি সিসি ক্যামেরা বসানো হয়। ক্যামেরা বসানোর পর শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছিল।  শহরে দোকানে কয়েকটি চুরির ঘটনা উদঘাটনও হয়েছিল সিসি ক্যামেরার ফুটেজ দেখে। তারপর ক্যামেরাগুলো অচল হয়ে পড়তে থাকে। কিছু ক্যামেরা চুরি হয়ে গেছে। ঝিনাইদহ দোকান মালিক সমিতির সভাপতি ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু জানান, শহরের পায়রা চত্বরের চারটি ক্যামেরা চালু আছে। বাকি ক্যামেরাগুলো অচল হয়ে গেছে। তিনি বলেন, বর্ষার পর নতুন করে সিসি ক্যামেরা বসানো হবে। পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, আগে বসানো ক্যামেরাগুলো ছিল ব্যাকডেটেড। নতুন মডেলের ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।