বাংলাদেশ শিক্ষক সমিতি নাগেশ্বরী উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার দিনব্যাপী নাগেশ্বরী কামিল এম এ মাদ্রাসা ভোটকেন্দ্রে এর ভোটগ্রহণ হয়। এতে উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৯৯৫ জন শিক্ষক প্রত্যক্ষ ভোটে আগামী তিন বছরের জন্য তাদের নেতা নির্বাচন করেন। ডিএম একাডেমির প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান ছাতা প্রতীকে ৬৭৯ ভোট পেয়ে সভাপতি, ছিলাখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম সরকার মাছ প্রতীকে ৫৫৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক, সুখাতী বহুমুখী উচ্চ বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম দোয়াত-কলম প্রতীকে ৬৩৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক, বেরুবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজির হোসেন টেবিল প্রতীকে ৫০৭ ভোট পেয়ে দপ্তর সম্পাদক ও গাগলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুল আলম দেয়ালঘড়ি প্রতীকে ৫১২ ভোট পেয়ে নির্বাচিত হন।
বুধবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ শিক্ষক সমিতি নাগেশ্বরী উপজেলা শাখার সাবেক সভাপতি দক্ষিণ ব্যাপারীহাট স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ এস এম শাহ আলম এ ফলাফল ঘোষণা করেন।