বরিশালে বিজয়াদশমীর রাতে বিসর্জন শেষে অতিরিক্ত মদপানে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, সিদ্ধার্থ রায় মিথুন নামের যুবকের হাসপাতালে দেওয়া মৃত্যু সনদে মদপানের কথা উল্লেখ রয়েছে। মৃত সিদ্ধার্থ রায় মিথুন বরিশাল নগরীর ৮ নম্বর ওয়ার্ডের হাটখোলা রোড এলাকার বাসিন্দা জ্যোতি প্রকাশ রায়ের ছেলে।
কালিহাতী (টাঙ্গাইল) :কালিহাতীতে মেয়াদোত্তীর্ণ মদ্যপানে দুই জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরো দুই জন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। নিহতরা হলেন কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা এলাকার গোপাল পাল এবং একই এলাকার আনন্দ পাল। বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে।
দুর্গাপূজার দশমীর দিন মঙ্গলবার সন্ধ্যায় চার জন একই সঙ্গে মদ্যপান করেন। বৃহস্পতিবার ভোরে স্বজনরা তাদের কালিহাতী হাসপাতালে নিলে চিকিত্সক সুরঞ্জন পালকে প্রাথমিক চিকিত্সা শেষে ছুটি দেন এবং গোপাল পাল, আনন্দ পাল ও টোকন পালকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আনন্দ পাল এবং চিকিত্সাধীন অবস্থায় মারা যান গোপাল পাল। গুরুতর অসুস্থ অবস্থায় টোকন পালকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর অফিস :যশোরের চৌগাছায় মদপানে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম অমরেশ দাস (৩৫)। বৃহস্পতিবার সকালে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সে উপজেলার সুখপুকুরিয়া গ্রামের মৃত কার্তিক দাসের ছেলে।