উপজেলার বাড়াকান্দি গ্রামে কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। যৌন হয়রানির শিকার ঐ ছাত্রী উপজেলার বাড়াকান্দি গ্রামের বাসিন্দা ও সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বুধবার ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে প্রাইভেট পড়তে যাচ্ছিল কলেজছাত্রী। এসময় গ্রামের ছাত্তার মাস্টারের বাড়ির সামনে পৌঁছলে প্রচুর বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে সাত্তার মাস্টারের বাড়ির গলির মধ্যে থেকে ভাতিজি বলে ডাক দেয় আগে থেকে ওঁত পেতে থাকা স্থানীয় পল্লিচিকিত্সক ও একই গ্রামের নূরুল ইসলাম আকন্দের ছেলে এক সন্তানের জনক জাহাঙ্গীর আলম। পরে ছাত্রী কাছে গেলে তাকে যৌন হয়রানি করে। ঘটনার পর থেকে অভিযুক্ত পল্লিচিকিত্সক পলাতক।
এ ব্যাপারে ভুক্তভোগীর বাবা জানান, ইউএনওকে একটি লিখিত দিয়েছি। পল্লিচিকিত্সকের ন্যায্য বিচার চাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ভুক্তভোগী ছাত্রীর সাথে কথা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।