অসচ্ছল মেধাবী ছাত্রীদের মধ্যে বাইসাইকেল ও বই বিতরণ
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা জেলার পুঠিয়া উপজেলায় এসএসসি পরীক্ষার এ প্লাস পাওয়া ২৮ জন অসচ্ছল মেধাবী ছাত্রী পেলেন শিক্ষা প্রণোদনা বাইসাইকেল। সঙ্গে পেয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা অসমাপ্ত আত্মজীবনী বই। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা পরিষদের বাস্তবায়নে আলোচনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ এর সংসদ সদস্য প্রফেসর ডা. মনছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় ও ইউপি চেয়ারম্যানগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে ২০১৮-১৯ইং অর্থবছরে উপজেলা পরিষদের অর্থায়নে এসএসসিতে (জিপিএ) এ প্লাস প্রাপ্ত অসচ্ছল মেধাবী ২৮ ছাত্রীর প্রত্যেককে একটি করে বাইসাইকেল ও অসমাপ্ত আত্মজীবনী বই এবং উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩০ জোড়া বেঞ্চ প্রদান করেন সংসদ সদস্য প্রফেসর ডা. মো. মনছুর রহমান।
বৃক্ষ রোপণ ও মাদকবিরোধী সমাবেশ
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা গ্রীন বেল্ট এর আওতায় ও কপিলমুনি ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলার মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার সকালে মাদকের কুফল ও বৃক্ষের সুফল নিয়ে আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকাইনা।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সেমিনার
পিরোজপুর অফিস ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার পিরোজপুরে এক সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের দপ্তরের আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও কর্মীসহ বিভিন্ন স্তরের লোক অংশ নেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি জাতীয় ভোক্তা অধিকার সরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া, উপ-পরিচালক (কৃষি) আবু হেনা মো. জাফর, জেলা বাজার কর্মকর্তা আব্দুল মান্নান হাওলাদার, সাংবাদিক মাহমুদ হোসেন, সাংবাদিক নাসিম আলী, প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, ক্যাবের জেলা সাধারণ সম্পাদক জিয়াউল আহসান, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, ব্যবসায়ী মাহতাব উদ্দিন খান, ব্যবসায়ী মাহবুবুর রহমান প্রমুখ।
কামারখালীতে জিওটেক ব্যাগ ডাম্পিংয়ের উদ্বোধন
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে মধুমতি নদীর ভাঙন রোধে জিওটেক ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল পাঁচটায় জিওটেক ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এ কে এম জহিরুল হক, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুর রহমান বিশ্বাস বাবু, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি সদস্য মো. নুরে আলম হায়দার, গন্ধখালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মতিয়ার রহমান শেখ, বিশিষ্ট সমাজ সেবক মো. মিজানুর রহমান বাবলু, মো. আকরাম হোসেন প্রমুখ।
সদরপুরে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারাদেশে মা ইলিশ ধরা, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, কেনাবেচার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মত্স্য অধিদপ্তর। এ সময় জেলে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করে। তাদের কথা বিবেচনা করে নিবন্ধিত জেলেদের মধ্যে বিশেষ ভিজিএফ কর্মসূচি গ্রহণ করেছে সরকার। তাই জেলেদের খাদ্য সহায়তার জন্য ফরিদপুরের সদরপুর উপজেলায় ৯টি ইউনিয়নের মোট ৪৯১ জন জেলের মধ্যে ২০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মত্স্য কর্মকর্তা বাপ্পি দাস, সদরপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, ইউপি সদস্য আমিনুল ইসলাম নিশান প্রমুখ।
চরভদ্রাসনে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা ‘ডিমওয়ালা ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না’ ফরিদপুরের চরভদ্রাসনে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর) ইলিশ আহরণ থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফয়ের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা খাদ্যগুদামের সামনে এ সব জেলেদের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, উপজেলা মত্স্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাইদ, হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন খান ও উপজেলা খাদ্য পরিদর্শক মো. আজিমুর রহমান।
গোপালগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ শুরু
গোপালগঞ্জ প্রতিনিধি ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন সব মানুষের উন্নয়ন’ এ প্রতিপাদ্যে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় সফট স্কিলসবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা অফিস আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শেখ লুত্ফার রহমান বাচ্চু। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জ সমাজসেবা অফিসের উপপরিচালক সমীর মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন প্রমুখ বক্তব্য রাখেন। ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। আগামী শনিবার এ প্রশিক্ষণ শেষ হবে।
ত্রিশালে সাংবাদিকদের মধ্যে কম্পিউটার বিতরণ
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিকদের চার সংগঠনের মধ্যে উপজেলা পরিষদের অর্থায়নে চারটি কম্পিউটার বিতরণ করা হয়েছে। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যন আব্দুল মতিন সরকার। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মণ্ডল, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল, কাঁঠাল ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল প্রমুখ। এ সময় সাংবাদিকদের সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিউনিটি ক্লিনিক পরিচালনায় প্রতিনিধি প্রশিক্ষণ
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিত্ রায়। মেডিক্যাল টেকনোলজিস্ট ইপিআই শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের (সিবিএইচসি) আয়োজনে জাপান ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরীসহ ইউপি সচিব ও সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, কমিউনিটি ক্লিনিক অবহেলিত গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। ক্লিনিকগুলো সচল থাকলে এলাকার সাধারণ মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এজন্য স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।